ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুরির অপবাদ দিয়ে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৭ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক লাঠিপেটা করে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুর উদ্দিন নামে এক অটোরিকশা গ্যারেজ মালিককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ইকবাল হোসেন মঙ্গলখালী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। আটক নুর উদ্দিন নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মধ্যম সুন্দরপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে। নুর উদ্দিন মঙ্গলখালী এলাকায় বসবাস করে অটোরিকশা গ্যারেজ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।

নির্যাতনের শিকার ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতের যে কোনো সময় কে বা কারা নুর উদ্দিনের অটোরিকশা গ্যারেজ থেকে রিকশার ব্যাটারি, গ্যাংনিং মেশিন ও বৈদ্যুতিক তার চুরি করে। শনিবার সকাল ৭টার দিকে ইকবাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে নুর উদ্দিন।

এরপর চুরির অপবাদ দেয়া হয় ইকবাল হোসেনকে। এক পর্যায়ে মুড়াপাড়া-ভুলতা সড়কের পাশে মঙ্গলখালী এলাকায় একটি ঘরের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে পা ও কোমড় বেঁধে ফেলা হয় তাকে। এ সময় নুর উদ্দিনসহ তার লোকজন ইকবাল হোসেনকে বেধরক লাঠিপেটা করে নির্যাতন চালায়। বাঁচাও বাঁচাও করে চিৎকার করলেও ইকবালকে ছাড় দেয়া হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত ইকবাল হোসেনকে উদ্ধার করে এবং অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করে।

এ ব্যাপারে অভিযুক্ত নুর উদ্দিন জানান, ইকবাল হোসেন একজন মাদকসেবী। এলাকায় বেশ কয়েকটি চুরির সঙ্গে সে জড়িত। তার গ্যারেজে ইকবালই চুরি করেছে- এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বেঁধে মারধর করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কোনো অভিযোগ থাকলে সেটা থানা পুলিশ দেখবে। এভাবে বেঁধে রেখে নির্যাতন করা কঠোর অন্যায়। আটক নুর উদ্দিনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরএআর/জেআইএম