গির্জার পাদ্রি অপহরণ : বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ৩ দিনের রিমান্ডে
ঢাকার কাকরাইলের গির্জার পাদ্রি শিশির নাতালে গ্যাগারিওকে অপহরণ মামলায় গাজীপুরের টঙ্গী কলেজ ছাত্রলীগ নেতা শামস কবির সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই রোববার এ আদেশ দিয়েছেন। এদিকে এ ঘটনায় জড়িত অপর কাউকে রোববার পর্যন্ত আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাই রিমান্ড আবেদন শুনানি শেষে সৌরভের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের ফাদার শিশির গ্যাগারিওকে গত সোমবার টঙ্গীতে ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে তিনি কৌশলে পালিয়ে যান।
টঙ্গী থানা পুলিশের পরিদর্শক মো. হাসানুজ্জামান জানান, এ ঘটনার মামলায় সোমবার রাতেই টঙ্গীর পাগার এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।
আজ রোববার ওই আবেদনের শুনানির দিন ছিল। সৌরভ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাদ্রি অপহরণে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর গত বুধবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এদিকে, সৌরভের বাবা গোলাম কবির দাবি করেন, তার ছেলে এ অপহরণের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তার সহকর্মী ও বন্ধুরা বিপদে পড়েছে এমন খবের পেয়ে সে বাস থেকে ঘটনাস্থলে ছুটে যায়। একপর্যায়ে তার বন্ধুরা ঘটনাস্থল থেকে কৌশলে চলে গেলে পরিস্থিতির শিকার হয় সৌরভ। পরে তাকে আটক করে অপহরণ মামলায় দেয়া হয়। তিনি তার ছেলের মুক্তি দাবি করেছেন।
মো. আমিনুল ইসলাম/এএম/আইআই