ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন চাই, নির্বাচন করতে চাই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সেজন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সবার জন্য সমান সুযোগ, সমান অধিকার দিতে হবে।

শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া ঘাঘটিয়া ওয়েলফেয়ার মাঠে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ’র স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বলেছি, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আপনি ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দিয়ে একটা নিরপেক্ষ লোকের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেন। নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলেছি যে, দেশের মানুষ আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে সংবিধানের মাধ্যমে সেই ক্ষমতানুযায়ি আপনারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন। কারো কথা শুনবেন না। প্রয়োজনে আপনি সেই সমস্ত মন্ত্রণালয়গুলো আপনার হাতে নিয়ে নেবেন, যেই সমস্ত মন্ত্রণালয়গুলোতে কারচুপি করার সম্ভাবনা থাকে অথবা প্রভাব বিস্তার করতে পারে।

মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় বলেছি, আমরা সংঘাত চাই না, সংলাপ চাই, সমঝোতা চাই। কেয়ারটেকার সরকার বাতিল করে ২০১৪ সালের একতরফা নির্বাচনের মাধ্যমে ১৫৪জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে যে অপকর্ম আপনারা করেছেন সেই অপকর্ম ভুলে যান। আলাপ আলোচনা করেন, আমরা একটা পথ বের করি। যে পথ দিয়ে আমরা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করতে পারি। যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, তাতে জনগণ তাদের ভোট দিতে পারবে।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও শ্যামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির খান, মিজানুর রহমান, মো. মুজিবুর রহমান ও ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান পেরা, কাপাসিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

এ সময় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, সাখাওয়াৎ হোসেন সবুজ, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, নাহীন আহমেদ মমতাজী, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবীর রাজুসহ গাজীপুরের বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/আরএআর/আইআই