যশোর-মাগুরা মহাসড়কে গণপিটুনিতে ডাকাত নিহত
প্রতীকী ছবি
যশোর-মাগুরা মহাসড়কে গণপিটুনিতে বুলি (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর মাজারের পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে। নিহত বুলি যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাদুল ইসলাম জানান, রাতে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় একদল ডাকাত গাছ কেটে সড়কে ডাকাতির চেষ্টা করে। এ সময় ডাকাতদের কবলে পড়া লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। ধাওয়ার মুখে অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে তারা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই বুলির মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, নিহত ডাকাত বুলির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় দুটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিলন রহমান/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ