সিদ্ধিরগঞ্জে ৬ মাসের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ মাস বয়সের অজ্ঞাত পরিচয় এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের আটি এলাকার গোলাম মহম্মদের মাছের প্রজেক্ট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বড় পুকুরে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানান, সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় বস্তাবন্দি মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় থাকা শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে শিশুটিকে কেউ মেরে বস্তায় ভরে এখানে ফেলে রেখে গেছে।
হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর