যশোরে বোমা হামলায় যুবলীগ নেতাসহ আহত ২
যশোরে যুবলীগ নেতা আরাফাত রহমান লিটন ও ফজলুল করিম মিলনের উপর বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে মহিলা অধিদপ্তরের সামনে (ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় চত্বরে) এ বোমা হামলা করা হয়।
আহত আরাফাত রহমান লিটন শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে ও ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিটনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
এলাকাবাসীর সূত্র মতে, লিটন ও মিলন রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে কয়েকটি বোমা হামলা চালায় এবং লিটনকে অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, লিটনের অবস্থা গুরুতর। তার শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার অপারেশন চলছিল। যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, বোমা হামলায় দুইজন আহত হয়েছে। তাদের কারা বোমা মেরেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
ওআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ২ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
- ৩ নারীসহ পুলিশ পাহারায় রাত কাটাতে চেয়ে ধরা ভুয়া জজ
- ৪ সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
- ৫ চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা