ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুসিকের দুই কাউন্সিলর জেলহাজতে, মঙ্গলবার রিমান্ড শুনানি

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৬ আগস্ট ২০১৮

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর গোলাম কিবরিয়া এবং ২০নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিন করে রিমান্ডের আবেদন জানিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগমের আদালতে হাজির করা হয়।

আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখে দুই কাউন্সিলরকে জেলহাজতে পাঠানোর আদেন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সহিদুল ইসলাম। এর আগে রোববার ওই দুই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছিল।

তাদের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলর গোলাম কিবরিয়া তার সহযোগীদের নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক চলমান ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড করতে রোববার বিকেলে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী এসআই শাহ কামাল আকন্দ বলেন, সুরুজের স্বীকারোক্তি অনুযায়ী গোপন বৈঠকের নেতৃত্ব দাতা ও ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া কুসিকের অপর কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিরাপদ সড়ক আন্দোলনের নামে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে কাউন্সিলর গোলাম কিবরিয়ার নামে অস্ত্র আইনে এবং কাউন্সিলর সুরুজসহ ১৪ জনকে অভিযুক্ত করে আরেকটি মামলা করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

আরও পড়ুন