রহস্যজনক নিখোঁজ কক্সবাজারের ৪ স্কুলছাত্র রাঙ্গামাটিতে
রহস্যজনকভাবে নিখোঁজ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রের সন্ধান মিলেছে। রাঙ্গামাটি সদরের রিজার্ব বাজার এলাকার হোটেল রাজু নামক এক আবাসিক হোটেলে তাদের অবস্থান নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার দুপুরে বিষয়টি জানিয়েছেন অভিভাবক ও প্রশাসন। এর আগে রোববার সকালে প্রাইভেট ও স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে ওই চার ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো- কক্সবাজার পৌর শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা ও কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মৌলভী জহির আহমদের ছেলে সাইয়েদ নকীব, বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম এবং বাজারঘাটা এলাকার অ্যাড. আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন। তারা সবাই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুল আজম বলেন, রোববার সকালে প্রাইভেট ও স্কুলের জন্য বেরিয়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় রাতে শহরের মাইকিং করা হয়। পরিবার ও স্কুল কর্তৃপক্ষ ৪ শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজের কথা উল্লেখ করে সোমবার সকালে থানায় জিডি করেছেন চার শিক্ষার্থীর অভিভাবক।
তিনি আরও জানান, এরপরই বিশেষ পদ্ধতি ব্যবহার করে চার ছাত্র রাঙ্গামাটির রিজার্ব বাজার এলাকায় আবাসিক হোটেল রাজুতে অবস্থান করছে বলে নিশ্চিত হয়। সংখ্যায় তারা চারজন হলেও সাকিব নামে এক ছাত্রের নামে রুম বুকিং করা হয়। রাঙ্গামাটি সদর থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগ চলছে।
রাঙ্গামাটি পুলিশের বরাত দিয়ে ওসি আজম জানান, শিক্ষার্থীরা জানিয়েছে তারা নিজের ইচ্ছায় চট্টগ্রাম ও রাঙ্গামাটি এলাকায় বেড়াতে গেছে। তাদের সঙ্গে ফুটবলসহ খেলার নানা সরঞ্জাম রয়েছে।
সাইয়েদ নকীবের বাবা মৌলভী জহির আহমদ বলেন, নকীবের সঙ্গে রোববার সর্বশেষ ১১টায় মোবাইলে কথা হয়। প্রাইভেটের টাকা দেয়ার জন্য সকালে ৬০০ টাকাও নিয়েছিল সে। ১২টায় স্কুল থাকলেও সে স্কুলে যায়নি বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানতে পেরেছি তার মতো আরো তিন শিক্ষার্থী স্কুলে যায়নি এবং রহস্যজনকভাবে তারা নিখোঁজ রয়েছে।
সায়ীদ আলমগীর/আরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদা না দেওয়ায় সাবেক মেম্বারকে কোপালো শ্রমিকদল নেতা
- ২ শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে র্যালি
- ৩ জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ
- ৪ স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছে: দোলন
- ৫ গোলামি থেকে মুক্তি ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্বাচন করছে জামায়াত