টেকনাফে ৭২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৭২ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় স্থানীয় এক নারী ও এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফের নাইট্যং পাড়ার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৩৩) এবং টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক মো. হাশেম (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান।
তিনি বলেন, মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি চালান টেকনাফের নাইট্যং পাড়ায় একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা একটি বাড়ি ঘিরে ফেললে সেখান থেকে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে স্থানীয় এক নারী ও মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৭২ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান মেজর মেহেদী হাসান।
এএম/জেআইএম