কুমিল্লায় ৪০টি দোকানে আগুন
কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের ৪০টিরও বেশি দোকান আগুনে পুড়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রোববার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা সদর, চান্দিনা, সদর দক্ষিণ ও ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের মনোহারি, কসমেটিক ও ডিমসহ বিভিন্ন পণ্যের ৪০টিরও বেশি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে দোকানের আসবাবপত্র, মালামাল ও নগদ টাকাসহ তাদের অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।
কামাল উদ্দিন/আরএআর/পিআর