ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ডোবায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৭ অক্টোবর ২০১৯

শরীয়তপুরের ভেদরগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের উত্তর পেদাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই গ্রামের রফিক বেপারীর ছেলে জুবায়েদ হোসেন (৫) ও একই গ্রামের ইসমাইল সরদারের ছেলে রবিউল ইসলাম (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশের সড়কে খেলা করছিল। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী ওই দুই শিশুকে পাশের একটি ডোবার পানিতে ভাসতে দেখে তাদের পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মো. ছগির হোসেন/এমবিআর/জেআইএম