করোনা থেকে বাঁচাতে নরসিংদী ফায়ার সার্ভিসের নতুন উদ্যোগ
নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে জীবাণূনাশক পানি ছেটানো শুরু করেছে নরসিংদী ফায়ার সার্ভিস। প্রাণহানী রুখতে আক্রান্তদের ও তাদের আশপাশের বাড়ি ও এলাকায় জীবাণুনাশক ছেটানো হচ্ছে। একইসঙ্গে নরসিংদী শহরের রাস্তাঘাটসহ অলি-গলি জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন দু’বেলা জীবাণুনাশক পানি ছেটানো হচ্ছে। বুধবার সকাল থেকে নরসিংদী ফায়ার সার্ভিসের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় সংলগ্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাসা থেকে এই কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালায়সহ প্রধান প্রধান সড়ক ও শহরের অলি-গলি ঘুরে রাস্তা-ঘাট ও কোভিড-১৯ এ আক্রান্তদের বাড়িতে জীবাণুনাশক পানি ছেটানো হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম জানিয়েছেন, করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এর হাত থেকে নরসিংদীও বাদ যায়নি। তাই করোনাভাইরাস মোকাবেলা ও প্রতিরোধের জন্য শহরব্যাপী জীবাণুনাশক ছেটানোর কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি ও আশপাশের এলাকায়ও জীবাণুনাশক ছেটানো হচ্ছে যাতে করে প্রানঘাতি এই ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়তে না পারে।
সঞ্জিত সাহা/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে