পঞ্চগড়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত
ফাইল ছবি
পঞ্চগড়ের সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় শুভ (১৮) নামে অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন।
শনিবার (৮ মে) বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মোলানী পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কাদের মারা যান।
নিহত পল্লী চিকিৎসক কাদেরের বাড়ি পঞ্চগড় পৌরসভা এলাকার মোলানী পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কছিমউদ্দিনের ছেলে। অপর মোটরসাইকেলচালক শুভর বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা কাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বাশারুলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় শহর থেকে পল্লী চিকিৎসক আব্দুল কাদের মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তিনি মোলানী পাড়া এলাকায় এলে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলচালকই গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বদলি করেন। অ্যাম্বুলেন্সযোগে রংপুর নেয়ার পথে আব্দুল কাদেরের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমেদ সড়ক দুর্ঘটনায় ওই পল্লী চিকিৎসকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ