কুমিল্লায় অপহরণের ১২ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৪
কুমিল্লার লালমাই থেকে অপহণের ১২ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার ছেলেসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিতল্লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম মেম্বারের ছেলে হেলাল উদ্দিন, গৈয়ারভাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. নাইম, তার স্ত্রী জান্নাত বেগম ও উত্তড্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহ আলম।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, গত মঙ্গলবার (১৫ জুন) উপজেলার গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিতে যাওয়ার সময় নিখোঁজ হন। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মেম্বার ও তার ছেলে হেলাল উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একই দিন দুপুরে লালমাই থানায় মামলা করেন।
প্রযুক্তির সহায়তায় অপহরণের ১২ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের আন্দারমানিক গ্রামের আবদুল হান্নানের বসতঘর থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে পুলিশ চার জনকে গ্রেফতার করে।
আরএইচ/জিকেএস