ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে পৃথক অভিযানে আটক ২ ভুয়া পুলিশ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৭ জুন ২০২১

নোয়াখালীর চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে দুই ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এদিকে তাদের মধ্যে একজনের বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (২৭ জুন) বেলা ১১টায় মো. সোহাগ মৃধা (২০) নামের এক ব্যক্তিকে চাটখিল পৌরসভার বদলকোট থেকে ও দুপুর আড়াইটায় মো. হাবিবুর রহমান (২১) নামের আরেক ব্যক্তিকে বেগমগঞ্জের চৌমুহনী হকার্স মার্কেট থেকে আটক করা হয়।

বিষয়টি চাটখিল ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জাগো নিউজকে নিশ্চিত করেন।

আটকরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার হামিরদী গ্রামের মৃধা বাড়ির মৃত খোকন মৃধার ছেলে সোহাগ ও বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মো. অলিউল্লাহর ছেলে হাবিবুর রহমান।

চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, বেলা ১১টায় চাটখিল পৌরসভার বদলকোট রোডের পলোয়ান বাড়ির সামনে হামিদা মার্কেটের দোকানদার আল-আমিনকে (১৯) পুলিশ পরিচয়ে ট্রেড লাইসেন্স দেখাতে বলেন মো. সোহাগ মৃধা। এরপর তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন সোহাগ।

পরে সোহাগের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

এদিকে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার জাগো নিউজকে বলেন, দুপুর আড়াইটার দিকে চৌমুহনী হকার্স মার্কেটের এক দোকানদারদেরকে লকডাউনের ভয় দেখিয়ে মো. হাবিবুর রহমান নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও কিছু জায়গায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদা দাবি করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন।

তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

ইকবাল হোসেন মজনু/এসএমএম/এমকেএইচ