মোংলায় বিদেশি জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ৩
ফাইল ছবি
মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় বিদেশি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমবি ফারদিন-১ নামের কয়লা বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে ওই বাল্কহেডের তিন কর্মচারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে। এমভি এলিনা বি নামে বিদেশি জাহাজের কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স টি হক কোম্পানির সুপারভাইজর মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্দরের হারবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি এলিনা বি থেকে কয়লা বোঝাই করে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায় এমবি ফারদিন ১ বাল্কহেডটি। ওই সময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করার সময় বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কের সঙ্গে ধাক্কা লাগে কয়লা বোঝাই বাল্কহেডটির। এরপর ধীরে ধীরে বাল্কহেডটির পিছনের অংশ ডুবে যায়। এসময় ওই বাল্কহেডের দুই কর্মচারী ও এক আনসার সদস্যকে উদ্ধার করা হয়। তবে এখনো বাল্কহেডের তিন কর্মচারী নিখোঁজ রয়েছেন।
লোকমান হোসেন আরও জানান, দুর্ঘটনার পর তিনি বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানিয়েছেন। ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৫০০ থেকে ৬০০ মেট্রিক টন কয়লা থাকতে পারে বলে জানান তিনি।
বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজ চলাচলের কোন প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এরশাদ হোসেন রনি/কেএসআর/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত