সুন্দরবন থেকে আনা ৪২ কেজি হরিণের মাংস জব্দ
জব্দ করা হরিণের মাংস
বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে পাচার করে আনা ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ঢাংমারী এলাকা থেকে এসব মাংস জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান বলেন, কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোরে সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার ঢাংমারী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জবাই করা হরিণের ৪২ কেজি মাংস জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি আঁচ করতে পেরে হরিণ শিকারিদের দল দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মো. এরশাদ হোসেন রনি/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ