ফরিদপুরে জোড়া খুন: ২১ জনকে আসামি করে ৩৬ ঘণ্টা পর মামলা
জোড়া খুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে জোড়া খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ২১ জনকে।
শনিবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হত্যাকাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা পর মামলাটি করেন রুবেল মাতুব্বর। তিনি নিহত কামরুল মাতুব্বরের ভাই।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জাগো নিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম জানাননি তিনি।
এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে পূর্বপরিকল্পিত হামলায় সোলায়মান শরীফ ও কামরুল মাতুব্বর নামে দুজন নিহত হন। আহত হন অপর আরোহী আমিনুদ্দীন।
নিহত সোলায়মান শরীফ জানদী গ্রামের মৃত মতিউর রহমান শরীফের ছেলে এবং কামরুল মাতুব্বর একই গ্রামের কালাম মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে হত্যা করা হয়। জোড়া খুনের খবর পেয়ে পরেরদিন ঘটনাস্থলে পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
এরপর এ ঘটনায় শনিবার দুপুরে মামলা দয়ের হয়। তবে বিকেল পর্যন্ত এ মামলায় কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর জানদি গ্রামের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ২ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ৩ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৪ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা
- ৫ সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াত প্রাধান্য দিচ্ছে কোয়ালিটি