ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাছের ঘেরে মিললো দুই শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০৩ আগস্ট ২০২২

কুমিল্লায় গভীর একটি মাছের ঘেরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) ও বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, বিকেলে খেলাধুলা শেষে সন্ধ্যায় ইসমাইল ও রোজা বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে স্বজনরা তাদের না দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রাত ৮টার দিকে মাছের ঘেরের পাশে তাদের জামা-কাপড় দেখতে পান পরিবারের স্বজনরা। এর কিছুক্ষণ পর ইসমাইলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা মাছের ঘেরে দফায় দফায় জাল দিয়ে রোজার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা এখনো থানায় এসে পৌঁছেনি। তারা এলে পরে বিস্তারিত জানানো হবে।

জাহিদ পাটোয়ারী/আরএডি