নড়াইলে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৭
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবা-ছেলেসহ চারজন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় এই মামলাটি করেন।
মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০–৪৫ জনকে আসামি করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গত সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের কোপে এক পক্ষের তিনজন এবং অপর পক্ষের তসিকুর ফকির নামে আরও একজন নিহত হন। তসিকুর ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
ওসি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই প্রকাশ করছে না পুলিশ।
হাফিজুল নিলু/কেএইচকে/জেআইএম