ফেনীতে এসআইয়ের বিরুদ্ধে স্কুলশিক্ষকের ধর্ষণ মামলা
ফেনীতে স্কুলশিক্ষককে ধর্ষণের অভিযোগে আলা উদ্দিন নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে ফেনী মডেল থানায় ওই নারী নিজে বাদী হয়ে মামলাটি করেন। আলা উদ্দিন কক্সবাজার সদর উপজেলার লমাছি পাড়ার কাশেম উদ্দিনের ছেলে। তিনি ফেনী পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত। তবে বর্তমানে ঢাকায় পুলিশ সদর দপ্তরে একটি প্রশিক্ষণে আছেন।
পারিবারিক সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই নারী ফেনী পৌর শহরের একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২০ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এসআই আলা উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে গত বছর দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে।
ওই শিক্ষক লন্ডন প্রবাসী এক যুবককে বিয়ে করেন। বর্তমানে তার সঙ্গে ঘর সংসার করছেন। সম্প্রতি শিক্ষকের স্বামী লন্ডনে চলে যান। বিষয়টি জানতে পেরে এসআই আলা উদ্দিন ওই শিক্ষককে নানাভাবে প্রলোভন দেখিয়ে পুনরায় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন।
ওই শিক্ষকের অভিযোগ, ২৩ নভেম্বর বিকেলে আলা উদ্দিন তার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকিও দেন। আলা উদ্দিন ঢাকায় প্রশিক্ষণে চলে যাওয়ার খবর পেয়ে শনিবার রাতে থানায় গিয়ে ভুক্তভোগী শিক্ষক মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আলা উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা জাগো নিউজকে বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আলা উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ