বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেলো কৃষকের
লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন সংযোগের ছেঁড়া তারে জড়িয়ে রফিকুল ইসলাম রফিক (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বামনী ইউনিয়নের উত্তর সাগরদী গ্রামের আলাবক্স পোস্টমাস্টার বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত থেকে বিদ্যুতের ছেঁড়া তারটি রাস্তার ওপর পড়েছিল। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ওই ছেঁড়া তারে জড়িয়ে রফিকের মৃত্যু হয়।
রফিক একই এলাকার ইয়াছিন হাজি বাড়ির মৃত শরফত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে বের হয় রাস্তা দিয়ে হাঁটছিলেন রফিক। এসময় তিনি সড়কের ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ছেঁড়া তারের বিষয়টি আগ থেকে কেউ আমাদের জানাননি। দুর্ঘটনার পর আমরা বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত