ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর স্ত্রীসহ নিহত ২
প্রবাসী স্বামীকে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুয়েত প্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী।
বেলায়েত হোসেন ছুটিতে কুয়েত থেকে বাড়ি আসার খবর পেয়ে তাকে নিতে সপরিবারে ঢাকা বিমানবন্দর গিয়েছিলেন স্ত্রীসহ স্বজনরা। স্বামীও যথারীতি ঢাকায় এসে পৌঁছান। সেখান থেকে তারা একটি মাইক্রোবাসে করে শনিবার ভোরে দাগনভূঞায় উদ্দেশ্যে রওয়ানা হন।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের মোহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ইমাম হোসেন (২৫) নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর বেলায়েতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫) মারা যান।
এ ঘটনায় আহত বেলায়েতসহ ছয়জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা হলেন, সাবের হোসেন (১৪), সাব্বির হোসেন (১০), ফাহমিদা আক্তার (২২), শরিফ উদ্দিন (৩০) ও লিমন হোসেন (৮)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকার ঢাকা থেকে দাগনভূঞাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় দুর্ঘটনাস্থলেই গাড়ির চালক ইমাম হোসেন (২৫) নিহত হন। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পর এক নারী যাত্রী মারা যান। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ