শরীয়তপুর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
শরীয়তপুর জেলা কারাগারে সতেন্দ্র কুমার (৪০) নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
সতেন্দ্র কুমার ভারতের দিল্লি প্রদেশের সাথুরা মুলতানপুর জেলার চেয়াপুর গ্রামের চন্দ্রপালের ছেলে।
শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার মু. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন সতেন্দ্র কুমারের মৃত্যু হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
জেল সুপার আরও বলেন, সতেন্দ্র কুমারের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভারত সরকারকে জানানোর জন্য তাদের অ্যাম্বাসিতে যেন চিঠি দেওয়া হয় তাই আমরা কারা অধিদপ্তরে চিঠি লিখেছি। সেটা প্রক্রিয়াধীন। শরীয়তপুর জেলা কারাগারে এখনো ৪৬ ভারতীয় নাগরিক আটক আছেন। এর মধ্যে আট নারী আছেন।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমন কুমার পোদ্দার বলেন, সতেন্দ্রকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে আনা হয়েছিল। ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ আগে হাসপাতালের মেডিকেল অফিসার লিনিয়া সাদিয়া তার প্রেশার মেপে তাকে ভর্তি করেন। রোগীর ময়নাতদন্ত ছাড়া জানা মুশকিল তার কীভাবে মৃত্যু হলো।
শরীয়তপুর জেলা কারাগার সূত্র জানায়, ২০২২ সালের ৭ অক্টোবর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে সতেন্দ্র কুমারকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়। পরে ৮ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মো. ছগির হোসেন/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে