আদালতের হাজতখানা
পুলিশকে টাকা দিলেই মেলে আসামির সঙ্গে সাক্ষাৎ
ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজতিদের সঙ্গে সাক্ষাৎ ও খাবার পরিবেশনের সুযোগ করে দিতে স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। টাকার বিনিময়ে দুর্ধর্ষ অপরাধীদের সঙ্গে সাক্ষাৎও মেলে। স্বজনদেন অভিযোগ, হাজতিদের সঙ্গে সাক্ষাতে তাদের গুনতে হয় ২০০ থেকে তিন হাজার টাকা।
ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে প্রকাশ্যেই এমন অভিযোগ করেন হাজতিদের স্বজনরা।
জেলার কসবা উপজেলা থেকে আসা রুবিনা বেগম নামের এক নারী জাগো নিউজকে বলেন, ‘একটি মামলায় আমার স্বামী কারাগারে আছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলার কথা ছিল। তাকে কারাগার থেকে নিয়ে এসে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলার হাজতে রাখা হয়। আমি হাজতে খাবার দিয়ে এসেছি। এজন্য হাজতের সামনে থাকা পুলিশ সদস্যদের ৩০০ টাকা দিতে হয়েছে। হাজতে খাবার দিলে এবং দেখা করলে নাকি এখানে টাকা দিতে হয়।’
রুমানা বেগম নামে আরেক নারী বলেন, ‘আমার ছেলেটি ছোট। তাকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তিনমাস ধরে সে কারাগারে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। তবে কারাগারে গিয়ে দেখা করলে যেমন টাকা দিতে হয়, আদালতের হাজতে দেখা করতেও পুলিশকে ২০০-৩০০ টাকা দিতে হয়। টাকা দেওয়ার পরও এক মিনিট হতে না হতেই ধাক্কা মেরে বের করে দেওয়া হয়।’
একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন লতা আহমেদের স্বামী। তাকে কিছুদিন আগে আদালতে আনা হয়েছিল। তখন স্বামীর সঙ্গে দেখা করতে সকালে ও বিকেলে ৫০০ করে মোট এক হাজার টাকা দিতে হয়েছে পুলিশকে।
লতা আহমেদ জাগো নিউজকে বলেন, ‘বৃহস্পতিবারও আদালতের হাজতে স্বামীর সঙ্গে দেখা করেছি। এসময় পাঁচ পুলিশকে জনপ্রতি ২০০ টাকা করে এক হাজার টাকা দিতে হয়েছে।’
আব্দুল হালিম নামের আরেকজন বলেন, ‘গত ছয় মাসে অন্তত ১০ বার আদালত এলাকায় এসেছি। আমার ভাইকে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে। যতবার ভাইকে আদালতে তোলার তারিখ এসেছে, ততবার হাজতে দেখা করেছি। এজন্য প্রতিবারই টাকা দিতে হয়েছে।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম বলেন, এমন অভিযোগ আমাদের কাছে আগে কেউ করেননি। টাকা নেওয়ার বিষয়ে যদি সুনির্দিষ্ট কেউ অভিযোগ করেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত