ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনেই হাসপাতালে ভর্তি ২৯ রোগী

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৩ জুলাই ২০২৩

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ রোগী। এদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৬ জন।

এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এদের মধ্যে কুমেক চিকিৎসা নিচ্ছেন ৪০ জন। বাকিরা সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, চান্দিনা, বরুড়া, মেঘনা ও দাউদকান্দিসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় নারী-শিশু ও পুরুষের পৃথক ইউনিট খোলা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই কোনো পদক্ষেপ

তিনি বলেন, মঙ্গলবার (১১ জুলাই) পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ১৪ জন। কিন্তু বুধবার একদিনেই বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আরও ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৪০ ডেঙ্গু রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু-নারী ও পুরুষের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। সেখানে মোট ৭০ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, কারও যদি সামান্য শরীর ব্যথা এবং জ্বরও হয়, অবহেলা না করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক লক্ষণ দেখেই শনাক্ত করতে পারবেন ডেঙ্গু আক্রান্ত কি না।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জাগো নিউজকে বলেন, জেলার জাঙ্গালিয়া বাস টার্মিনাল ও শাসনগাছা বাস টার্মিনালে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তবে কুমিল্লায় কেউ ডেঙ্গু আক্রান্ত হননি। এরা বাইরের কোনো জেলা থেকে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই বিভিন্ন কাজে কুমিল্লার বাইরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় যান। হয়তো সেখান থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় এসেছেন। তবে কুমিল্লা শহরের স্থানীয় কেউ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কুড়িগ্রামে বিদেশি মদসহ ভারতীয় যুবক গ্রেফতার

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত জাগো নিউজকে বলেন, সিটির ২৭ ওয়ার্ডের কাউন্সিলর অফিসে মশক নিধনের ফগার মেশিন আছে। একটি করে স্প্রে মেশিন দিয়েছি। মশা নিধনে সব জায়গায় রাসায়নিক ছিটানো হয়েছে। এছাড়া বাস টার্মিনালগুলোতে মশার লার্ভা ধ্বংসে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নগরবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিকরা নিজেদের বাসাবাড়ি যদি পরিষ্কার রাখে এবং কোথাও পানি জমতে না দেয় তাহলে দ্রুতই ডেঙ্গু থেকে আমরা রেহাই পাবো।

জাহিদ পাটোয়ারী/জেএস/জিকেএস