ঘুমন্ত মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আজিবার মণ্ডল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মর্জিনা খাতুন (৩৫)। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বোনের ছেলে হোসেইন বলেন, সন্ধ্যায় সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবা আজিবার মণ্ডলের সঙ্গে মর্জিনা খাতুনের বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আজিবার মণ্ডল। একপর্যায়ে বাড়ির একটি গর্তে ফেলে রাখেন। এসময় মর্জিনার চিৎকারে তার মেয়ে রেকসোনা ছুটে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আজিবার। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, মর্জিনাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রেকসোনার দুই হাত জখম হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে।
এসআই ইমরান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
হুসাইন মালিক/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত