ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামের ৩ উপজেলায় বিএনপির ভোট বর্জন

প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩১ মার্চ ২০১৬

ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখলের অভিযোগ চট্টগ্রামের তিন উপজেলায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি প্রার্থীরা। উপজেলাগুলো হলো সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপ।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই সন্ত্রাসীরা সীতাকুণ্ড ও সন্দ্বীপের অনেক কেন্দ্র দখল করে নিয়েছে। বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়া সংর্ঘষ হয়েছে।

ব্যাপক জাল ভোট, কেন্দ্র দখল এবং এজেন্ট বের করে দেয়ার ঘটনায় সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নের সব কয়টি বিএনপি দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা সবাই ভোট বর্জন করেছে। অপরদিকে সন্দ্বীপের ১২ ইউনিয়নের ১২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছে।

বেলা ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলন করে তিন উপজেলায় পুনর্নির্বাচন দাবি করেছেন উত্তর জেলা বিএনপি নেতারা।

জানা গেছে, সকালে ভোটগ্রহণের এক ঘণ্টার মাথায় প্রথমে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নূর উদ্দিন জাহাঙ্গীর, কুমিরার চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল কালাম আজাদ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা বিভিন্ন কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে বেলা ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। পরে বাকি ৬ চেয়ারম্যান প্রার্থীরাও ভোট বর্জনের ঘোষণা দেন বলে বিএনপি নেতারা জানান।

তিন উপজেলায় বিএনপি’র নির্বাচন মনিটরিং সেলের প্রধান হাসান মো. জসিম উদ্দিন জানান, নির্বাচনের কোন পরিবেশ নেই সীতাকুণ্ডে। সকালে ভোট গ্রহণ শুরুর আগ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের সরকার দলীয় সন্ত্রাসীরা কেন্দ্র দখল ব্যালট পেপার ছিনতাই, ভোটার ও এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার কারণে সব কয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ভোট বর্জন করেছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সন্দ্বীপ উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ভূঁইয়া জানান, সন্দ্বীপে পুলিশ প্রশাসনে সহযোগিতায় সব কেন্দ্রগুলো আওয়ামী সন্ত্রাসীরা তাদের প্রার্থীর পক্ষে দখল করে নিয়ে এক তরফা সিল মেরেছে। এখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই তাই আমাদের সব প্রার্থী ভোট বর্জন করেছে।

তিনি বলেন, এ নির্বাচন কমিশনের অধিনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না তার প্রমাণ ইউপি নির্বাচন। আমরা এসব প্রহসনের নির্বাচন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এদিকে তিন উপজেলার নির্বাচনের অবস্থা ও পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরীর সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাসায় এ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আসলাম চৌধুরী দলীয় প্রার্থী ও সর্মথকদের উপর হামলা, কেন্দ্র দখল, প্রশাসনের সহযোগিতায় সরকার দলীয় প্রার্থীদের ভোর কারচুপির অভিযোগ এনে ৩ উপজেলায় পুনর্নির্বাচনের দাবি জানান।

জীবন মুছা/জেএইচ/এবিএস