ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০১ এপ্রিল ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মোকাদ্দেস হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় শাহিন চাকলাদার ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম ও দেয়ারা ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিচুর রহমানসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ মামলাটি করেছে। মামলা নং ১২২। মামলায় নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে।

যশোর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, নির্বাচন কমিশন (ইসি) ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহীন চাকালাদারের বিরুদ্ধে মামলা করে তা নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়। গত বুধবার রাত সাড়ে ১১টায় পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ নির্দেশ আসে।

তবে যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আলী রায়হান বলেন, যশোর আওয়ামী লীগের কান্ডারি শাহিন চাকলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে অংশ হিসাবেই পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে শাহারুল ইসলাম ও দেয়াড়ায় আনিচুর রহমান বিনা প্রতিদ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

মিলন রহমান/আরএস/এবিএস