ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোহনপুরে খাদ্যে বিষক্রিয়ায় গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৩ এপ্রিল ২০১৬

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের পশ্চিমপাড়ায় খাদ্য বিষক্রিয়ায় স্বপ্না আখতার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই পরিবারের আরো চার সদস্য অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন, স্বপ্নার মা মুঞ্জুয়ারা বেগম (৪৮), তার আরেক মেয়ে রিতা (২২), ছেলে সাজ্জাদ (৩০) ও সাজ্জাদের স্ত্রী নাজমা (২৬)।

অসুস্থ রিতার স্বামী দেলওয়ার হোসেন জানান, শনিবার দুপুরের খাবার খাওয়ার পর বিকেলে তারা অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ২৮ ও ৩৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টার দিকে স্বপ্না মারা যান।

এ ব্যাপারে রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক খলিলুর রহমান জানান, খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে আনার পর স্বপ্নার মৃত্যু হয়। তবে অপর চারজন এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

শাহরিয়ার অনতু/এআরএ/এমএস