নির্ধারিত সময়ের ১১ দিন পর মনোনয়ন জমা দিলেন প্রার্থী
নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় অতিবাহিত হয়েছে ১১ দিন আগে। এরমধ্যে শেষ হয়েছে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াও। কিন্তু ১১ দিন পর উচ্চ আদালতের দেওয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
তিনি জানান, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়েছে। এটি শুক্রবার (১৫ ডিসেম্বর) যাচাই-বাছাই করা হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে জেলা প্রশাসনের একটি সূত্র বলছে, ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ব্যারিস্টার মিজান সাঈদ মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় থাকলেও তিনি এসেছিলেন ৫টার পর। এজন্য বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল এতে আপত্তি তোলেন। পরে মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে হাইকোর্টে যান ব্যারিস্টার মিজান সাঈদ। পরে আদালত মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেন।
ব্যারিস্টার মিজান সাঈদ কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আসনটিতে ছয়জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে চারজনকে বৈধ ঘোষণা করা হয়।
সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ