ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ৫ খুনের ঘটনায় চার্জশিট দাখিল

প্রকাশিত: ১০:২৯ এএম, ০৬ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনার চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আলোচিত এ হত্যাকাণ্ডের আড়াইমাস পর বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর ওই চার্জশিট দাখিল করেন। এতে গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া ভাগ্নে মোহাম্মদ মাহফুজকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) এম এ খায়ের জানান, মামলায় ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। আলামত দেখানো হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল পাটার পাটাসহ ২৫টি আলামত।

গত ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে তাদেরকে সন্দেহ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেফতার করা হয় শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে। পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

চার্জশিট দাখিলের আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা গত ৮০ দিন ধরে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে তদন্ত করে চার্জশিটটি দাখিল করতে যাচ্ছি। এ হত্যাকাণ্ডের পিছনে মূলত আবেগ ও সামাজিক অবক্ষয় কাজ করেছে। হত্যাকাণ্ডটি একজনই সংঘঠিত করেছে। হত্যা মামলায় অভিযুক্ত করে আমরা এ চার্জশিট জামা দিচ্ছি। আমরাও চাই অপরাধীর উপযুক্ত বিচার হোক। এজন্যই পূর্ণাঙ্গ তদন্ত দাখিল করছি। এতে আশা করা যাচ্ছে বাদীপক্ষ ন্যায় বিচার পাবে।

সাহাদাত হোসাইন/এফএ/এবিএস