করিমনের ধাক্কায় প্রাণ গেলো কলেজশিক্ষকের
পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিনুর রহমান লিটন (৪৫) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। বেড়া উপজেলার আমিনপুরের নতুন হাট এলাকায় সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর রহমান পাবনার সাঁথিয়া উপজেলার শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক ও কাশীনাথপুর কলেজিয়েট শিক্ষা পরিবারের পরিচালক ছিলেন। তিনি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মেদপুর গ্রামের মৃত শামসুর রহমান সামা মিয়ার ছেলে।
কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহিনুর রহমান লিটন সোমবার বিকেলে তার বাড়ির অদূরে আমিনপুর বাজার এলাকায় যান। সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষ করে মোটরসাইকেলে আহম্মেদপুরে বাড়ির দিকে আসছিলেন। আমিনপুর নতুন হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তিনি। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সোমবার রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিৎ কুমার কুন্ডু বলেন, তার মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে।
আমিন ইসলাম জুয়েল/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ