পাবনা
গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি, গ্রেফতার ২
পাবনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি দেওয়া ঠিকাদারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মে) সকালে তাদের শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, পাবনা পৌর এলাকার চক গোবিন্দার চাঁদমারি এলাকার জামাল উদ্দিন তোতনের ছেলে ঠিকাদার রোকনুজ্জামান তুষার ও কালাচাঁদপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. আকাশ।
গত বুধবার (৮ মে) দুপুরে পাবনা গণপূর্ত সার্কেলের প্রকৌশলীর রুমে ঢুকে ত্রাস সৃষ্টি করে তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়।
এজাহার সূত্রে জানান গেছে, বুধবার দুপুরে গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম তার কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় সভা করছিলেন। এ সময় রাজিব ও তুষারের নেতৃত্বে ১৪-১৫ জন সেই রুমে প্রবেশ করে অনৈতিকভাবে বিভিন্ন ঠিকাদারি কাজ দাবি করেন। দাবি না মানায় তারা নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন।

এসময় অন্যান্য প্রকৌশলীরা বাধা দিলে তাদের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে পাবনা সদর থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪-১৫ জনের নামে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে মামলার বাদী আনোয়ারুল আজিম বলেন, আসামিরা ঠিকাদারি কাজ করেন। সেদিন যা ঘটেছিল তা থানায় দেওয়া এজাহারে উল্লেখ করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রোকনুজ্জামান তুষার ও মো. আকাশকে গ্রেফতার করেছে। অভিযান অব্যাহত রয়েছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে