ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ১১:১৭ এএম, ০৯ মে ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাই আকমাল হোসেনকে (৩০) প্রকাশ্যে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে বড় ভাই ও তার পরিবারের লোকজন। সোমবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় আকমালের স্ত্রীসহ দুই সন্তানকে ঘরে আটকে রেখে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

নিহত আকমাল হোসেন ওই এলাকার বলাই হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বলাই হোসেনের ছেলে আকমাল হোসেনের সঙ্গে তার বড় ভাই সাদেক হোসেনের পূর্ববিরোধ চলে আসছিলো। এ নিয়ে প্রায় সময়ই দুই ভাইসহ তাদের পরিবারের মাঝে ঝগড়া বিবাধ ও মারপিটের ঘটনা ঘটতো।
 
সোমবার সকাল ৮টার দিকে বাড়ির সীমানা নিয়ে ফের আকমাল হোসেনের সঙ্গে বড় ভাই সাদেক হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাদেক হোসেন, তার ছেলে সুমন ও সোহাগ ধারালো বটি দিয়ে আকমাল হোসেনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। পরে হত্যাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধারালো বটি ও মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মরজিনা আক্তার অভিযোগ করে জানান, ভাসুর সাদেক হোসেনের স্ত্রী সুমা বেগম, মেয়ে তাকমিনা ও নিলা মিলে তাকে ও তার দুই মেয়ে রিয়া (৯) ও ফাতেমাকে (৫) ঘরে আটকে রাখে। এরপর ভাসুর সাদেক হোসেন ও ভাসুরের দুই ছেলে সুমন ও সোহাগ মিলে তার স্বামী আকমাল হোসেনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হত্যার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মীর আব্দুল আলীম/এফএ/এবিএস

আরও পড়ুন