ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

এনআইবি ও আইসিডিডিআরবির মধ্যে সমঝোতা চুক্তি সই

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি সই হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এনআইবির মহাপরিচালক প্রফেসর ড. সগীর আহমেদ এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন।

সচিব বলেন, আইসিডিডিআরবি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চতর গবেষণা, জ্ঞান বিনিময় ও চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে এই সহযোগিতা আগামী তিন বছর কার্যকর থাকবে। পক্ষগুলোর সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বাড়ানো যাবে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

এমএএস/এমকেআর