ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

দেশের অর্থনীতিতে ‘লেভেল প্লেইং ফিল্ড’ থাকতে হবে: অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশের অর্থনীতিতে ‘লেভেল প্লেইং ফিল্ড’ থাকতে হবে বলে জানিয়ে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির সুফল সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেছেন, দেশের অর্থনীতি হতে হবে সব মানুষের জন্য। দেশের সব মানুষের অংশগ্রহণ থাকবে, এমন অর্থনীতি গড়ে তুলতে হবে। সব পর্যায়ের, সব শ্রেণিপেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভা কক্ষে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগণের মনোজগতে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাথমিকভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে খারাপ অবস্থা রয়েছে সেগুলোকে উন্নয়ন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করা। ইনস্টিটিউশনগুলোতে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিশিয়েন্সি আনতে হবে।

তিনি বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে পরিণত করতে হবে। এটা সফলভাবে করতে হলে আমাদের ডিরেগুলেশন করতে হবে। লিবারালাইজেশন করতে হবে। আমরা শুধু ম্যানুফেচারিং নির্ভর অর্থনীতিতে না থেকে এটিকে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা ও সংস্কৃতিচর্চাসহ বিভিন্ন শ্রেণিপেশাকে সম্পৃক্ত করতে হবে।

jagonews24

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন শ্রেণিপেশাকে সম্পৃক্ত করার উদাহরণ দিয়ে বলেন, বরিশালের সাধারণ একটি শীতলপাটির দাম ৬০০ বা ৭০০ টাকা। শীতলপাটির কারিগরদের যদি কারু প্রশিক্ষণ, ঋণ, অনলাইন মার্কেটিং এসব সুযোগ তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা বিভিন্ন ডিজাইনের পাটি ও নানা রকমের সামগ্রী তৈরি করতে পারবে এবং এটির বিশাল মার্কেট তৈরি হবে।

অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সব স্তরের কর্মকর্তাদের সহযোগিতা চান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খানসহ অর্থ মন্ত্রণালয়ের সব বিভাগের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএএস/এমকেআর