ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

রমজানে চড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, নাকাল ক্রেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর রোজার ঠিক আগেই প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বেড়ে যাওয়া যেন এক অনিবার্য রেওয়াজে পরিণত হয়েছে।

বাজারে লেবু, বেগুন, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, খেজুর, ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দাম চড়া রয়েছে।

বিক্রেতারা বলছেন, কাঁচামালের চাহিদা বাড়ায় পরিবর্তন এসেছে সরবরাহে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় এসব পণ্যের দাম বেড়েছে।

তবে, ক্রেতাদের অভিযোগ, খুচরা বাজারে এখনও বেশ কিছু পণ্যের দাম বেশি। চাহিদার বাড়বাড়ন্তকে পুঁজি করে কেউ কেউ অতিরিক্ত দামও রাখছেন।

এদিকে, সপ্তাহখানেক পর অধিকাংশ পণ্যের দাম কমে আসতে পারে বলে জানান বাজারের বিক্রেতারা। তারা বলছেন, রোজার শুরুতে মানুষের কেনাকাটা অস্বাভাবিক বেড়ে যায়। কিছুদিন পর থেকে কেনাকাটা কমে যাবে। অনেক পরিবার, শিক্ষার্থীরা ঈদের ছুটিতে গ্রামে চলে যেতে শুরু করবে। তখন চাহিদা কমবে।

লেবু-শশা-বেগুনে সেঞ্চুরি

রোজা শুরুর আগেই সেঞ্চুরি হাকিয়েছিল লেবু, শশা ও বেগুনের দাম। এসব পণ্যের দাম দুই থেকে পাঁচ গুণ বেড়েছিল।

বাজারে যেসব লেবু সাধারণত ২০ থেকে ৩০ টাকা হালিতে পাওয়া যেত, সেই লেবুর দাম উঠেছিল ১০০ থেকে ১২০ টাকা হালিতে। এখনো সেই দামেই বিক্রি হচ্ছে।

এদিকে, রোজার মধ্যে বেগুনের দাম কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। রোজার তিন চারদিন আগে এ পণ্যের দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। যা এখন ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সেগুনবাগিচা, শান্তিনগর ও রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, বেগুনের মতো শশার কেজিও উঠেছে ৮০ থেকে ১০০ টাকায়। যা ৪০ থেকে ৫০ টাকা ছিল।

সাইদুল ইসলাম নামের একজন বিক্রেতা বলেন, রোজায় যে হারে এসব পণ্যের চাহিদা বাড়ে, সেই হারে আমদানি হয় না। যে কারণে প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেই এসব পণ্যের দাম বেড়ে যায়।

তিনি বলেন, গত প্রায় এক সপ্তাহ ধরে রোজার জন্য প্রয়োজনীয় প্রায় সব সবজির দাম বেড়েছে। আড়ত থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই লাভ রেখে পাইকারি দাম থেকে কেজিতে ১০-২০ টাকা লাভে বিক্রি করছি।

এদিকে, রোজার মধ্যে পেঁয়াজের দাম প্রায় কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। তবে এ দুই পণ্যের দাম রোজার আগে নির্বাচনের সময় যানবাহন বন্ধ থাকার সময় থেকেই বেড়েছে।

আবু আলী নামের একজন ক্রেতা বলেন, ইফতারের সময় বেগুন, লেবুর প্রয়োজন হয়। এরকম কিছু কিছু পণ্যের দাম এখনো অনেক বেশি।

jagonews24.com

বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, সোনালি ১০ থেকে ১৫ টাকা কমে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ক্রেতাদের আশা, তদারকি সংস্থার অভিযান ও সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে বাজারে পণ্যের দামে ভোগান্তি আরও কমবে।

এনএইচ/এএমএ