শক্তিশালী আর্থিক খাত গড়ে তোলার আহ্বান ডিসিসিআই সভাপতির
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ডিসিসিআই নেতারা
দেশে শক্তিশালী আর্থিক খাত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে তাসকীন আহমেদ ঋণের সুদের হার কমিয়ে আনা এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে নীতি সুদের হার ধীরে ধীরে কমানোর প্রস্তাব দেন। তিনি প্রকৃত (অনিচ্ছাকৃত) ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি ঋণ শ্রেণিকরণের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেন।
তাসকীন আহমেদ বলেন, মুদ্রানীতি, রাজস্বনীতি এবং কাঠামোগত সংস্কারের সমন্বিত প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম হবে।
আরও পড়ুন
ঋণ পেতে বেগ, শুরুতেই ঝরে যান অনেক নারী উদ্যোক্তা
ঋণনির্ভরতা থেকে মালিকানাভিত্তিক অর্থনীতিতে যেতে হবে: তিতুমীর
জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো বেসরকারিখাত। তিনি আশ্বাস দেন যে, বর্তমান সরকার বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ এবং শিল্পখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। কারণ, দেশের অর্থনীতিতে বেসরকারিখাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও জানান, পুঁজিবাজার গতিশীল ও কার্যকর করতে এবং কেন্দ্রীয় ব্যাংককে আরও বেশি বেসরকারিখাতমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এছাড়াও বেসরকারিখাতে ঋণপ্রবাহ সহজ করা এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঋণপ্রবাহ বাড়ানোও সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।
এসময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।
ইএইচটি/কেএসআর