ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

মিললো সার কেনার অনুমোদন, ডাল কেনার সিদ্ধান্ত প্রত্যাহার 

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ৩১ মার্চ ২০২৬

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৫৫ কোটি টাকা। তবে স্থানীয়ভাবে ৮ হাজার টন মসুর ডাল কেনার উদ্যোগ নেওয়া হলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাশিয়া থেকে এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ী পর্যায়ে রাশিয়ার জেএসসি ‌‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির একটি প্রস্তাব নিয়ে আসে কৃষি মন্ত্রণালয়। 

আরও পড়ুন
৮ এপ্রিল শেষ হতে পারে ক্রুডের মজুত, বন্ধের হুমকিতে ইস্টার্ন রিফাইনারি 
দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব 

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। এই সার কিনতে মোট ব্যয় হবে ১৫৪ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ১২ টাকা। প্রতি টন এমওপি সারের মূল্য ধরা হয়েছে ৩৬০ দশমিক ৫৩ মার্কিন ডলার।  

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব নিয়ে আসা হয়। তবে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। 

এমএএস/কেএসআর