ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

‘বলতেছে কাপড় আনছে, খুলে দেখি সব অ্যালকোহল’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৯ এএম, ০২ এপ্রিল ২০২৬

কাপড় বা পোশাকের আড়ালে অবৈধভাবে মদ আমদানির ঘটনা বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তারকা হোটেল, বার ও রেস্তোরাঁ মালিকদের সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তিনি 

বার ও হোটেল মালিকদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, আপনাদের যাদের অ্যালকোহল বার আছে, আপনাদের ইমপোর্টের তথ্য এবং কনজাম্পশনের তথ্যটা যখন আমি বেঞ্চমার্কিং করি তখন কিন্তু মিলে না।

আবদুর রহমান খান বলেন, ‘আমি আবার এটাও দেখি যে আমার এয়ারপোর্টে, সি পোর্টে বড় বড় কন্টেইনার ধরা পড়ে। বলতেছে কাপড় আনছে, খুলে দেখি সব অ্যালকোহল। তার মানে হলো আমার ফরমাল রেকর্ডে কোনো ইমপোর্ট নাই, কিন্তু আপনাদের ওখানে কনজাম্পশন হয়। আবার আমি খুলে দেখি কেউ বলছে কাপড়, আমি খুলে পাই পুরো অ্যালকোহলের কন্টেইনার। এগুলো কীভাবে দূর করবেন? এভাবেই দেশ চলবে? নাকি আপনারা আস্তে আস্তে ডিসিপ্লিনের মধ্যে আসবেন? সেগুলো একটু আমাদের দয়া করে সহায়তা করবেন।’

অনিয়ম বন্ধ করে বার ও হোটেল মালিকদের শৃঙ্খলার মধ্যে আসার আহ্বান জানান তিনি এবং এ ক্ষেত্রে সহযোগিতা চান।

অ্যালকোহল উৎপাদন ও পরিবেশনের ওপর করহার তুলনামূলক কম উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান জানান, এ খাতে কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এটি ‘সিন ট্যাক্স’ হিসেবে বিবেচনা করা হবে, কারণ এ ধরনের পণ্য স্বাস্থ্য ও সমাজ—উভয়ের জন্য ক্ষতিকর।

একই সঙ্গে টেলিকম খাত ও সিগারেটের ওপর করপোরেট করহার বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খালেদ উর রহমান দাবি করেন, তাদের সদস্যভুক্ত স্টার হোটেলগুলো শতভাগ নিয়ম মেনে চলে। তিনি বলেন, ‘আমাদের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ। ভ্যাট কর্তৃপক্ষের নজরদারি সবসময়ই থাকে। আমরা ওপেন বুকের মতো কাজ করি। ’

হোটেল ও বার মালিকরা এ সময় মদ ও বিয়ার আমদানিতে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব দেন।

ব্যাংকিং চ্যানেলে টাকা আসছে না

এদিন পৃথক আলোচনায় ব্যাংকিং, পুঁজিবাজার ও বিমা খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ঋণ ও আমানত খোলার ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণ বাধ্যতামূলক করায় অনেক অর্থ ব্যাংকিং চ্যানেলে আসছে না। তিনি আমানতের ওপর আরোপিত আবগারি শুল্ক থেকেও রেহাই দেওয়ার প্রস্তাব করেন।

বিমা খাত নিয়ে হতাশা প্রকাশ করে এনবিআর চেয়ারম্যান বলেন, এ খাতের প্রতি মানুষের আস্থা কমে গেছে। পেশাদারিত্বের অভাব ও দুর্বল ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি তৈরি হয়েছে।

আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ খাতের বাজেট প্রস্তাব তুলে ধরে।

এসএম/এমএমএআর