ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

৭টার পরও খোলা অনেক দোকানপাট, শপিংমল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টায় ঢাকার বড় বড় শপিংমল বন্ধ হয়ে গেলেও বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, পাড়া-মহল্লার বেশিরভাগ দোকানপাট খোলা থাকছে। অনেক নামিদামি ব্র্যান্ডের শোরুমও খোলা দেখা গেছে ৭টার প্রায় এক ঘণ্টা পরও। অনেকেই এক্ষেত্রে গড়িমসি করছেন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার পরে রাজধানীর মৌচাক, মালিবাগ ও খিলগাঁও এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজ থেকে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার নতুন সিদ্ধান্ত দিয়েছে সরকার। এদিন সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধের ঘোষণা ছিল, যা আজ থেকে এক ঘণ্টা বাড়ানো হয়েছে। কিন্তু আগেও নির্দিষ্ট সময়ের পরে অনেক দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।

jagonews24

এদিন সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পরেই মৌচাক এলাকার মৌচাক ও আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল ও সেন্টার পয়েন্ট শপিং কমপ্লেক্স বন্ধ হয়ে যায়। তবে এসব মার্কেটের মূল কমপ্লেক্সের বাইরে কিছু দোকান ও বিপণিবিতান তখনো খোলা ছিল।

এদিকে খিলগাঁও তালতলা সুপার মার্কেটে রোববার সাপ্তাহিক বন্ধ। স্বাভাবিকভাবেই এই মার্কেটের দোকানপাট আজ বন্ধ। তবে ওই এলাকায় রাত ৮টা পর্যন্ত অনেক দোকান ও শোরুম খোলা দেখা গেছে।

আরও পড়ুন
দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত
আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

রাত ৮টায় লাবণ্য ক্রিয়েশনের শোরুম খোলা রাখার কারণ জানতে চাইলে সেখানকার কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখনই বন্ধ করবো। হিসাব-নিকাশ করছিলাম, এজন্য অনেক লাইট কমিয়ে রেখেছি।’

jagonews24

শুধু ওই শোরুম নয়, ৮টা পর্যন্ত ওই এলাকার অনেক দোকানই খোলা থাকতে দেখা গেছে।

রোববার খিলগাঁওসহ অনেক এলাকায় ৭টার পরে দোকান বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে সরকারের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দোকান মালিক সমিতির পক্ষ থেকেও এ নির্দেশনা মানতে তাগিদ দেওয়া হচ্ছে। তবে তা মানতে অনেক ব্যবসায়ীর অনীহা দেখা গেছে।

এনএইচ/ইএ