বছরের দ্বিতীয়ার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে
জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে ৫০ কোটি ৬৬ লাখ টাকা/ প্রতীকী ছবি
গত বছরে (২০২৫ সালে) প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে দেশের ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। জানুয়ারি-জুন সময়ের তুলনায় জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে ৫০ কোটি ৬৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকগুলোর মোট সিএসআর ব্যয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি ৮৫ লাখ টাকা। এর আগে বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি-জুন সময়ে এই ব্যয় ছিল ১৪৭ কোটি ১৯ লাখ টাকা।
বর্তমান নীতিমালা অনুযায়ী, কোনো ব্যাংক নিট লোকসানে থাকলে সিএসআর খাতে ব্যয় করতে পারে না। তবে মুনাফায় থাকলে সেই মুনাফার একটি অংশ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যয় করা যায়। তবে কত অংশ ব্যয় করা হবে, তা সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক ১০০ টাকা সিএসআর ব্যয় করলে এর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ৩০ শতাংশ করে মোট ৬০ শতাংশ ব্যয় করতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে ব্যয় করতে হবে ২০ শতাংশ। অবশিষ্ট ২০ শতাংশ দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, আয়-উৎসারী কার্যক্রম, ক্রীড়া ও সংস্কৃতি এবং অন্যান্য খাতে ব্যয় করা যাবে।
আরও পড়ুন
৭টায় বন্ধ শপিংমল, পাশেই নিয়মের ‘বালাই নেই’
এলএনজিতে এপ্রিলে ভর্তুকি লাগবে সাড়ে ৪ হাজার কোটি টাকা
প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে শিক্ষাখাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৩২ দশমিক ৪৭ শতাংশ। অথচ বছরের প্রথমার্ধে এ খাতে ব্যয় ছিল ৩৪ কোটি ২০ লাখ টাকা। ফলে ছয় মাসের ব্যবধানে শিক্ষা খাতে ব্যয় বেড়েছে ৩০ কোটি ৪ লাখ টাকা।
একই সময়ে স্বাস্থ্য খাতেও ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে ৫৭ কোটি ৫২ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ২৯ দশমিক ৭ শতাংশ। প্রথমার্ধে এই ব্যয় ছিল ২৮ কোটি ১২ লাখ টাকা। ফলে ছয় মাসে স্বাস্থ্য খাতে ব্যয় বেড়েছে ২৯ কোটি ৪ লাখ টাকা।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতেও ব্যয় বেড়েছে বড় পরিসরে। জুলাই-ডিসেম্বর সময়ে এ খাতে ব্যয় হয়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ১৮ দশমিক ৮১ শতাংশ। বছরের প্রথমার্ধে এ খাতে ব্যয় ছিল মাত্র ৫ কোটি ২১ লাখ টাকা। ফলে ছয় মাসে পরিবেশ ও জলবায়ু খাতে ব্যয় বেড়েছে ২৪ কোটি ৪ লাখ টাকা।
এছাড়া দ্বিতীয়ার্ধে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ব্যয় হয়েছে ১৯ কোটি ২৯ লাখ টাকা, অবকাঠামো উন্নয়ন খাতে এক কোটি ৩৯ লাখ টাকা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৮ কোটি ২২ লাখ টাকা, আয়-উৎসারী কার্যক্রমে ৫৩ লাখ টাকা এবং অন্যান্য খাতে ব্যয় হয়েছে ২১ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক সিএসআর ব্যয়ের তালিকায় ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংকটি এ খাতে ব্যয় করেছে ২৭ কোটি ৭১ লাখ টাকা। এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক ২০ কোটি টাকা, এক্সিম ব্যাংক ১৯ কোটি টাকা এবং ডাচ-বাংলা ব্যাংক ও যমুনা ব্যাংক ১৪ কোটি টাকা করে ব্যয় করেছে।
ইএআর/কেএসআর