ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ঐতিহ্য রক্ষার হালখাতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

রীতি মেনে বরাবরের মতো এবারও বৈশাখের দ্বিতীয় দিন হালখাতা করছেন পুরান ঢাকার তাঁতীবাজার ও শাঁখারীবাজারের ব্যবসায়ীরা। তবে আগে হালখাতায় যেমন জমজমাট থাকতো এখন আর তেমন হয় না পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী অঞ্চল।

রোববার তাঁতীবাজার ও শাঁখারীবাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন তারা ঐতিহ্য ধরে রাখতেই এখনও হালখাতা করেন।

এদিকে রোববার তাঁতীবাজার ও শাঁখারীবাজার ঘুরে দেখা যায়, এ অঞ্চলের জুয়েলারি ব্যবসায়ীরা হালখাতা উপলক্ষে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করেছেন। পাশাপাশি ফুল ও লাইটিংয়ের মাধ্যমে সাজিয়েছেন। খরিদ্দার আসলে তাদেরকে মিষ্টি মুখ করানো হচ্ছে।

তাঁতীবাজারে পৈতৃক সূত্রে ব্যবসা করছেন খোকন সরকার। বিশ্বাস স্বর্ণালয়ের মালিক এই ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, ‘চাঁদের ওপর নির্ভর করে আমরা হালখাতা করি। এখন হালখাতা আর আগের মতো জমজমাট নেই। শুধু ঐতিহ্য ধরে রাখতে আমরা হালখাতা করছি’।

Halkhata-1

হালখাতা জমজমাট না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘এখন ব্যবসা পরিস্থিতি খারাপ। তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসার সঙ্গে ১ হাজারের বেশি প্রতিষ্ঠান জড়িত আছে। সবারই একই অবস্থা। ব্যবসা ভালো না হওয়ায় হালখাতাও জমজমাট হচ্ছে না’।

বন্ধকী ব্যবসার সঙ্গে জড়িত ত্রিনাথ অ্যান্ড কোং-এর বিশ্বজিত সরকার জাগো নিউজকে বলেন, ‘আমরা বাকি ব্যবসা করি না। আজ আমাদের কাছে যারা আসছেন, তারাই হালখাতা করছেন। আমরা খদ্দেরদের মিষ্টি মুখ করাচ্ছি’।

এই ব্যবসায়ী আরও বলেন, ‘আগে হালখাতা অনেক জমজমাট হতো। এখন আর সেই অবস্থা নেই। শুধু ঐতিহ্যগত কারণে আমরা হালখাতার রীতি ধরে রেখেছি। তাঁতীবাজার ও শাঁখারীবাজার সব জায়গায় একই অবস্থা। তাঁতীবাজার ও শাঁখারীবাজার মিলিয়ে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান আছে সবার ব্যবসা কমেছে’।

ঐতিহ্য ধরে রাখতে হালখাতার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে দীপ জুয়েলার্সের সুমন ঘোষ বলেন, হালখাতা ভালোই হচ্ছে, তবে আমরা যে প্রত্যাশা করেছিলাম তেমন হচ্ছে না। ৫-৭ বছর ধরে এখানকার হালখাতা জমজমাট হচ্ছে না। সবাই ঐতিহ্য ধরে রাখতে হালখাতার আয়োজন করছে’।

Halkhata-2

তিনি বলেন, ‘২০-২৫ বছর আগে হালখতা উপলক্ষে খরিদ্দারদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হতো। বাসের টিকিট, থাকার জন্য হোটেল এমনকি বিমানের টিকিটও দেয়া হতো। এখন আর এগুলো নেই’।

২০ বছর ধরে তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায় জড়িত এই ব্যবসায়ী হালখাতা জমজমাট না হওয়ার কারণ হিসেবে বলেন, ‘আমাদের প্রধান ব্যবসা অলঙ্কার বিক্রি করা। এর পাশাপাশি বন্ধকী ব্যবসাও করছি। অর্থনৈতিক অবস্থার কারণে এখন হালখাতা জমজমাট হয় না। এ ছাড়া এখন মহল্লায় মহল্লায় প্রতিষ্ঠান হয়ে গেছে। কিন্তু আগে স্বর্ণ ব্যবসার মূল কেন্দ্র ছিল তাঁতীবাজার ও শাঁখারীবাজার।

এমএএস/এমএমজেড/পিআর

আরও পড়ুন