ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

প্রশ্ন শিক্ষামন্ত্রীর

নিজ সন্তান অন্য স্কুলে, আপনি কি সত্যিকারের শিক্ষক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষকদের প্রশ্নে করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আপনি একজন শিক্ষক হয়ে যখন আপনার সন্তানকে অন্য স্কুলে পড়ান তাহলে আপনি কি সত্যিকারের শিক্ষক? এ দেশের পরিবর্তন আনতে গেলে একটি জায়গায় কাজ করতে হবে, সেটি শিক্ষা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে পিটিআইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক স্কুলের শিক্ষকদের অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা নিজের সন্তানদের মতো ছাত্র-ছাত্রীদের শেখাবেন। আমার এলাকায় দেখতে পাই শিক্ষকরা নিজের সন্তানদের অন্য স্কুলে পড়াচ্ছেন। শিক্ষকদের অন্তরদৃষ্টিতে দেখতে হবে। আপনি শিক্ষক হয়ে যখন আপনার সন্তানকে অন্য স্কুলে পড়ান তাহলে আপনি কি সত্যিকারের শিক্ষক?

jagonews24

তিনি বলেন, এ দেশের পরিবর্তন আনতে গেলে একটি জায়গায় কাজ করতে হবে, সেটি শিক্ষা। আমরা শিক্ষকরা প্রতিজ্ঞা করি এই জীবনে যত ছাত্র-ছাত্রী পাবো সবাইকে নিজের সন্তানের মতো শিক্ষিত করে গড়ে তুলবো।

আরও পড়ুন
৬০% নারী কোটা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য ভাইরাল, যা জানা গেলো
বিগত সরকারের অনিয়ম-বদলি বাণিজ্য খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

দুর্নীতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি পাঁচটি বছর মন্ত্রী ছিলাম, আমার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলাও হয়নি। আমাদের প্রত্যেকের দুর্নীতিমুক্ত থাকতে হবে। আপনি ক্লাসরুমে গিয়েছেন ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আপনি ক্লাস না নিয়ে শুধু সময় কাটিয়ে গেলেন, এটি কি দুর্নীতি নয়?

তিনি আরও বলেন, আমরা খাওয়ার সময় শুধু হালাল-হারাম চিন্তা করি, অন্য সময় তা চিন্তা করছি না। শিক্ষকরা চিন্তা করবো আমার দায়িত্ব কী এবং আমি কী করতে চাচ্ছি।

‘প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি ক্লাসরুমের প্রত্যেকটি বাচ্চাকে নিজের সন্তান মনে করে শিক্ষা দেন, তাহলে একটি বাচ্চাও ঝরে পড়তে পারে না। আজকের এই দিনে আগামী বাংলাদেশ গড়ার শপথ আমাদের শিক্ষকদের নিতে হবে। শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং এটাকে যুগোপযোগী করতেই হবে।’ বলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টিটি/ইএ