ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

নতুন শিক্ষক নিয়োগে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসার তথ্য হালনাগাদ (ই-রেজিস্ট্রেশন) চলমান। রোববার (২২ ফেব্রুয়ারি) ই-রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব অল্প সময়ের ব্যবধানে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ই-রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে শিক্ষক নিয়োগের চাহিদা (ই-রিকুজিশন) দিতে পারবে না। ফলে ই-রিকুজিশন ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ সুপারিশের আওতায় আসবে না।

ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, এনটিআরসিএ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক শূন্যপদে নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিপরীতে নিয়োগ সুপারিশ দিয়ে থাকে। শূন্যপদ পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিএ’র অনলাইন প্ল্যাটফর্মে চাহিদা (ই-রিকুজিশন) বাধ্যতামূলক।

এএএইচ/এমএমকে