শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়ালো এনটিআরসিএ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার সময় আরও তিনদিন বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী- ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চাহিদা দেওয়া যাবে।
রোববার (১২ এপ্রিল) এনটিআরসিএর এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। আগের সূচি অনুযায়ী- কার্যক্রম রোববার (১২ এপ্রিল) শেষ হওয়া কথা ছিল।
গত ৩১ মার্চ অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার এ কার্যক্রম শুরু হয়। এর আগে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের (ই-রিকুইজিশন) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে চাহিদা দিতে হবে। অনলাইনে চাহিদা দেওয়ার পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফি ২০০ টাকা জমা দিতে হবে।
এনটিআরসিএতে নিবন্ধন করা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। আগে জারি করা কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।
এনটিআরসিএ’র আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়।
এএএইচ/এমআইএইচএস
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষা হবে ক্যারিয়ারভিত্তিক: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ২ ঘাড় ঘোরালেই বহিষ্কার করা হবে, এটা সঠিক নয়
- ৩ শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়ালো এনটিআরসিএ
- ৪ এসএসসি পরীক্ষার সময় প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক
- ৫ নিজ বিশ্ববিদ্যালয়ে সন্তান চান্স না পেলে সেই শিক্ষকের পদত্যাগ করা উচিত