ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ‌‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের পাঠ-উন্মোচন

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৩ মার্চ ২০২৬

লেখক ও সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের পাঠ-উন্মোচন করা হয়েছে। ২ মার্চ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইটির পাঠ-উন্মোচন করেন অতিথিরা।

স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রকাশক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল, বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমন সরকার, পরিব্রাজক মাসফিকুল হাসান টনি, মিউজিক কম্পোজার মাহবুব মিনেল ও বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মিরাজ প্রমুখ।

ইকরামুল হাসান শাকিল বলেন, ‘বইটি মলাটবদ্ধ হওয়ার আগে আমার হাতে পাণ্ডুলিপি এসেছিল। তখনই পড়ে দেখার সুযোগ হয়েছিল। ভ্রমণকাহিনিগুলো খুবই চমৎকারভাবে তুলে এনেছে আশরাফুল। বইটি পড়লে লেখকের সঙ্গে ভ্রমণের অনুভূতি পাবেন পাঠকেরা।’

বইটির লেখক আশরাফুল ইসলাম আকাশ বলেন, ‘এটি আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই আমি আপ্লুত। দেশের ৭টি জেলার ১১টি গল্প নিয়ে ভ্রমণকাহিনিটি সাজিয়েছি। আশা করি পাঠকেরা ঋদ্ধ ও তৃপ্ত হবেন।’

আশরাফুল ইসলাম আকাশের ‘ভদ্রাবতীর পাড়ে’ বইটি প্রকাশ করেছে স্বপ্ন ’৭১। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আর করিম। বইটিতে সাতটি জেলার ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ৮০ পৃষ্ঠার বইটিতে ১১টি গল্প আছে।

বইমেলায় স্বপ্ন ’৭১-এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে বইটি। ৫ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

এসইউ

আরও পড়ুন