অপূর্বা মোহনার ‘মনোবীক্ষণ’ ও ইংরেজি সংস্করণ
ফাইল ছবি
আত্মচর্চা, নৈতিক শুদ্ধি ও আত্মিক উত্তরণের দর্শন নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক অপূর্বা মোহনার নতুন বই ‘মনোবীক্ষণ’। একইসঙ্গে বইটির ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়েছে।
লেখক জানান, মনোবীক্ষণ কোনো বিনোদনধর্মী বই নয়। আত্মঅনুসন্ধান ও নৈতিক সাধনায় আগ্রহী পাঠকের জন্য একটি দার্শনিক কাজ। বইটিতে মানুষ হয়ে ওঠার শিল্প, নৈতিক পরিশুদ্ধির প্রয়োজনীয়তা, আত্মবিশ্লেষণের প্রক্রিয়া এবং আত্মিক বিকাশের পথ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা আছে। ব্যক্তিমানুষের ভেতরকার নীরব সাধনা ও মানসিক শুদ্ধতার প্রশ্নকে কেন্দ্র করেই বইটির বিন্যাস।
অন্যদিকে ‘নুস্কোপি’ মূল বইয়ের ইংরেজি রূপ। আন্তর্জাতিক পাঠকের কাছে বিষয়গুলোকে বোধগম্য ও প্রাসঙ্গিক করে তুলতে বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে নৈতিক সাধনা ও আত্মবিশ্লেষণের ধারণাগুলো। ফলে বাংলা ভাষাভাষীর বাইরেও বৃহত্তর পাঠকমহলে বইটির গ্রহণযোগ্যতা তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
বই দুটি পাওয়া যাচ্ছে ইচ্ছে প্রকাশনীর ২৩০ নম্বর স্টলে। এর আগে ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘পারুলদের অষ্টপ্রহর’। বইটি পাওয়া যাচ্ছে ভিন্নমাত্রা প্রকাশনীর ৯৫৬-৯৫৭ নম্বর স্টলে।
অপূর্বা মোহনা সাহিত্যচর্চার পাশাপাশি গবেষণা ও শিক্ষা–পরামর্শের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি রাজশাহী কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সম্মান ডিগ্রি অর্জন করেন। শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহী অপূর্বার রচনা আঞ্চলিক পত্রিকা ও কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ আছে।
বর্তমানে তিনি মালয়েশিয়ায় শিক্ষা ও গবেষণা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। তিনি নিজ দেশের শিক্ষা কারিকুলাম নিয়েও গবেষণামূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
এসইউ