ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন আলিয়া
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস’। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ আয়োজনে উপস্থাপকের ভূমিকায় ছিলেন বলিউড অভিনেত্রী আলিয় ভাট। তবে অনুষ্ঠান মঞ্চের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি আলোচনায় উঠে এসেছে তার একটি ভিডিও।
রেড কার্পেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আলিয়া। এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়- এমন একটি সিনেমার নাম বলতে, যার ক্লাইম্যাক্সে রয়েছে দারুণ প্লট টুইস্ট। প্রশ্নটি শুনে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেননি তিনি। কয়েক সেকেন্ড ভেবে, খানিক অঙ্গভঙ্গির পর আলিয়া বলেন হলিউড ছবি ‘গন গার্ল’র নাম।
কিন্তু উত্তর দেওয়ার আগের মুহূর্তের সেই ভিডিও ক্লিপই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই মন্তব্য করেন, আলিয়া নাকি ‘অতি অভিনয়’ করেছেন। কেউ কেউ আবার বিষয়টিকে ‘অস্বাভাবিক প্রতিক্রিয়া’ বলেও কটাক্ষ করেন।
আরও পড়ুন:
রাশমিকার সঙ্গে বাগদান ভাঙার প্রশ্নেই রেগে গেলেন ঋষভ শেঠি
যে রেকর্ড গড়লো রাশমিকা-বিজয়ের বিয়ে
এবার সেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। আলিয়ার দাবি, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি বহু বছর আগে দেখেছেন। তাই হঠাৎ প্রশ্ন শুনে উত্তর মনে করতে একটু সময় লেগেছে। তার কথায়, “ভাবতে সময় নেওয়া বা ভেবে উত্তর দেওয়ার মধ্যে অস্বাভাবিক কিছু নেই।”
আলিয়া আরও বলেন, একটি ছোট মুহূর্তকে কেটে আলাদা করে ভাইরাল করা এখন খুব সহজ। কিন্তু সেই মুহূর্তের পেছনের প্রেক্ষাপট অনেকেই বিবেচনায় নেন না। অকারণ সমালোচনা বা অতিরঞ্জিত আলোচনা নিয়ে তাই প্রশ্ন তুলেছেন আলিয়া। সব মিলিয়ে, একটি সাধারণ ভাবনার মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
এমএমএফ/জেআইএম